- শনিবার (১৪ নভেম্বর) কারখানাগুলোর ফটকে বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।
- নোটিশে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে কারখানার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা সম্ভব হচ্ছে না বলে উল্লেখ করা হয়েছে।
- এদিকে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাকশ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
- সাভার ও আশুলিয়ায় প্রায় ৪০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- কালিয়াকৈরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশের কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড
- শ্রমিকদের দাবি ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা
- আশুলিয়ায় ১৮টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ
শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের জেরে সাভার ও আশুলিয়ায় প্রায় ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৪ নভেম্বর) কারখানাগুলোর ফটকে বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। নোটিশে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে কারখানার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা সম্ভব হচ্ছে না বলে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুনগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরএদিকে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাকশ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এতে প্রায় চার ঘণ্টা পর ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল ও পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি নামের দুটি কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবার আন্দোলন করেন। ওই দিন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে কয়েকজন শ্রমিক আহত হন। বৃহস্পতিবার আহত হওয়া এক শ্রমিক মারা গেছেন—এমন খবর শনিবার সকালে ছড়িয়ে পড়লে শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের বিক্ষোভে সকাল সাড়ে আটটার দিকে কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ হলে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। শ্রমিকেরা মহাসড়ক না ছাড়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন প্রথম আলোকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় চন্দ্রা ও মৌচাক এলাকার আশপাশের ১৭টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ–১–এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, অস্থিতিশীলতার কারণে সাভার ও আশুলিয়ায় এখন পর্যন্ত ১৮টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ করা হয়েছে। এ ছাড়া ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য ও পাঁচটি কারখানা মৌখিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সাতটিতে ছুটি দিয়েছে। আজ শ্রমিকেরা কাজ না করায় আরও ১২টিতে ছুটি দেওয়া হয়েছে। সব মিলিয়ে আজ ৫৯টির মতো কারখানায় কাজ হচ্ছে না।
বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ বলতে বোঝায়, ‘কাজ নেই, মজুরি নেই।’ অর্থাৎ যত দিন কারখানা বন্ধ থাকবে, তত দিন শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না। অন্যদিকে শুধু বন্ধ ঘোষণা করা কারখানার শ্রমিকেরা নিয়ম অনুযায়ী বন্ধের দিনগুলোর বেতন পাবেন।
বিক্ষোভকারী শ্রমিক কবির হোসেন বলেন, ‘বৃহস্পতিবার আমাদের কয়েকজন সহকর্মী আহত হয়েছিলেন। আজ সকালে একজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। এ ঘটনার প্রতিবাদে আমরা কাজ বন্ধ করে রাস্তায় নেমেছি। আমরা বেতন বৃদ্ধিসহ আমাদের ন্যায্য দাবি আদায় করতে চাই।’
তথ্যসূত্র: প্রথম আলো, জাগো নিউজ, বাংলা ট্রিবিউন, আজকের পত্রিকা, চ্যানেল ২৪, ইত্তেফাক






