রাজৈর বাংলাদেশের মাদারীপুর জেলার অন্তর্গত একটি একটি উপজেলা যা ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এটি ঢাকা বিভাগের অধীন মাদারীপুর জেলার ৪টি উপজেলার মধ্যে একটি এবং মাদারীপুর জেলার সর্ব পশ্চিমে অবস্থিত। রাজৈর উপজেলার উত্তরে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা, দক্ষিণে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা ও গোপালগঞ্জ সদর উপজেলা, পূর্বে মাদারীপুর সদর উপজেলা ও শিবচর উপজেলা, পশ্চিমে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা ও ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা। রাজৈর উপজেলার উপর দিয়ে মাদারীপুর বিলরুট নদী, কুমার আপার নদী, কুমার লোয়ার নদী প্রবাহিত হয়েছে।
রাজৈরের চান্দার বিল ও বাগিয়ার বিলের ৫১৮ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে প্রাকৃতিক সম্পদ পিট কয়লা রয়েছে।
ব্রিটিশ শাসনামলে ১৯১৪ সালে রাজৈর থানা প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৮৪ সালে রাজৈর থানাকে উপজেলায় উন্নীত করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে রাজৈর উপজেলার সংসদীয় আসন মাদারীপুর-২। রাজৈর উপজেলা ও মাদারীপুর সদর উপজেলার ইউনিয়ন নিয়ে গঠিত মাদারীপুর-২ আসনটি জাতীয় সংসদে ২১৯ নং আসন হিসেবে চিহ্নিত।
