মাদারীপুর সদর উপজেলা বাংলাদেশের মাদারীপুর জেলার অন্তর্গত একটি একটি উপজেলা যা ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এটি ঢাকা বিভাগের অধীন মাদারীপুর জেলার ৪টি উপজেলার মধ্যে একটি এবং মাদারীপুর জেলার কেন্দ্রে অবস্থিত। মাদারীপুর সদর উপজেলার উত্তরে শিবচর উপজেলা ও শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা, দক্ষিণে কালকিনী উপজেলা ও গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা, পূর্বে শরীয়তপুর সদর উপজেলা এবং পশ্চিমে রাজৈর উপজেলা। মাদারীপুর সদর উপজেলার উপর দিয়ে আড়িয়াল খাঁ নদী প্রবাহিত হয়েছে।
মাদারীপুর পদ্মা বিধৌত নিম্ন পলল ভূমি এলাকা। এর ভু-ভাগ বেলে দোআঁশ মাটি দ্বারা গঠিত। এটি একটি কৃষিপ্রধান অঞ্চল। মাদারীপুর খেজুর গুড়ের জন্য বাংলাদেশে বিখ্যাত।
ব্রিটিশ শাসনামলে ১৮৭০ সালে মাদারীপুর থানা প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৮৪ সালে মাদারীপুর থানাকে উপজেলায় উন্নীত করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর সদর উপজেলার সংসদীয় আসন মাদারীপুর-২ ও মাদারীপুর-৩ এ বিভক্ত। রাজৈর উপজেলা ও মাদারীপুর সদর উপজেলার ইউনিয়ন নিয়ে গঠিত মাদারীপুর-২ আসনটি জাতীয় সংসদে ২১৯ নং আসন হিসেবে চিহ্নিত এবং কালকিনী উপজেলা ও মাদারীপুর সদর উপজেলার ইউনিয়ন নিয়ে গঠিত মাদারীপুর-৩ আসনটি জাতীয় সংসদে ২২০ নং আসন হিসেবে চিহ্নিত।
