কালকিনি বাংলাদেশের মাদারীপুর জেলার অন্তর্গত একটি একটি উপজেলা যা ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এটি ঢাকা বিভাগের অধীন মাদারীপুর জেলার ৫টি উপজেলার মধ্যে একটি এবং মাদারীপুর জেলার সর্ব দক্ষিণে অবস্থিত। কালকিনি উপজেলার উত্তরে মাদারীপুর সদর উপজেলা ও শরীয়তপুর সদর উপজেলা, দক্ষিণে বরিশাল জেলার গৌরনদী উপজেলা এবং আগৈলঝাড়া উপজেলা, পূর্বে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা, ডামুড্যা উপজেলা ও বরিশাল জেলার মুলাদী উপজেলা, পশ্চিমে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা ও বরিশাল জেলার গৌরনদী উপজেলা। কালকিনি উপজেলার উপর দিয়ে আড়িয়াল খাঁ নদ, টর্কি নদী ও পালরদী নদী প্রবাহিত হয়েছে।
ব্রিটিশ শাসনামলে ১৯০৯ সালে কালকিনি থানা প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৮৪ সালে কালকিনি থানাকে উপজেলায় উন্নীত করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে কালকিনি উপজেলার সংসদীয় আসন মাদারীপুর-৩। কালকিনি উপজেলা ও মাদারীপুর সদর উপজেলার ইউনিয়ন নিয়ে গঠিত মাদারীপুর-৩ আসনটি জাতীয় সংসদে ২২০ নং আসন হিসেবে চিহ্নিত।
