· মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ · ২৮ আশ্বিন ১৪৩৩ ·
নিউজ →
উপজেলা · জামালপুর জেলা

জামালপুর সদর

Jamalpur Sadar

জামালপুর সদর বাংলাদেশের জামালপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি ময়মনসিংহ বিভাগের অধীন জামালপুর জেলার ৭ টি উপজেলার একটি এবং এটি জেলার পূর্বভাগে অবস্থিত। এটি ১৫টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। জামালপুর সদরের ১ম ইউনিয়ন হচ্ছে ১নং কেন্দুয়া ইউনিয়ন।

জামালপুর সদর উপজেলার উত্তরে শেরপুর সদর উপজেলা, দক্ষিণে টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলা ও সরিষাবাড়ী উপজেলা, পূর্বে ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর উপজেলা ও মুক্তাগাছা উপজেলা, পশ্চিমে মেলান্দহ উপজেলা ও মাদারগঞ্জ উপজেলা। জামালপুর সদর উপজেলার সাথে ময়মনসিংহ সদর ও শেরপুর সদর উপজেলা সংযুক্ত। বাংলাদেশের কোন সদর উপজেলার সাথে দুটি সদর উপজেলার সংযুক্তির এটি একমাত্র উদাহরণ। জামালপুর সদর উপজেলার প্রধান নদ-নদী ব্রহ্মপুত্র ও ঝিনাই।

ব্রিটিশ শাসনামলে ১৮৩৪ সালে জামালপুর থানা গঠিত হয়। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৮৩ সালে জামালপুর সদর উপজেলা প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর জামালপুর-৫ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত । এ আসনটি জাতীয় সংসদে ১৪২ নং আসন হিসেবে চিহ্নিত।

জামালপুর সদর উপজেলার আয়তন ৪৮৯.৫৬ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ২০১১ সনের আদম শুমারী অনুযায়ী ৬,১৫,০৭২ জন; বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.৪৬%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১২০৯ জন।