· মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ · ২৮ আশ্বিন ১৪৩৩ ·
নিউজ →
উপজেলা · জামালপুর জেলা

ইসলামপুর

Islampur

ইসলামপুর উপজেলা বাংলাদেশের জামালপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি ১২টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। এটি ময়মনসিংহ বিভাগের অধীন জামালপুর জেলার ৭ টি উপজেলার একটি এবং এটি জেলার মধ্যভাগে অবস্থিত। ইসলামপুরের উত্তরে দেওয়ানগঞ্জ উপজেলা ও বকশীগঞ্জ উপজেলা, দক্ষিণে মেলান্দহ উপজেলা ও মাদারগঞ্জ উপজেলা, পূর্বে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা ও শেরপুর সদর উপজেলা, পশ্চিমে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা, ফুলছড়ি উপজেলা ও বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা।

ব্রিটিশ শাসনামলে ১৯১৪ সালে জামালপুর মহকুমাধীনে ইসলামপুর থানা গঠিত হয়। জামালপুর জেলা হওয়ার পর ১৯৮৩ সালের ৩রা নভেম্বর ইসলামপুর উপজেলা প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপুর উপজেলা জামালপুর-২ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত । এ আসনটি জাতীয় সংসদে ১৩৯ নং আসন হিসেবে চিহ্নিত।

ইসলামপুর উপজেলার আয়তন ৩৪৩.০২ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ২০১১ সনের আদম শুমারী অনুযায়ী ২,৯৮,৪২৯ জন। পুরষ ও নারীর অনুপাত ১০০:৯৯, জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৮৪৫ জন, শিক্ষার হার ৩০.১%।

ইসলামপুর উপজেলা সেই ব্রিটিশ শাসনামল থেকে কাঁসা শিল্পের জন্য বিখ্যাত। এখানে প্রচুর পরিমাণে উন্নতমানের বেগুন চাষ হয়।