দেওয়ানগঞ্জ বাংলাদেশের জামালপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি ৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। এটি ময়মনসিংহ বিভাগের অধীন জামালপুর জেলার ৭ টি উপজেলার একটি এবং এটি জেলার উত্তরভাগে অবস্থিত। দেওয়ানগঞ্জ উপজেলার উত্তরে কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলা, দক্ষিণে ইসলামপুর উপজেলা, পূর্বে বকশীগঞ্জ উপজেলা ও ভারতের মেঘালয়, পশ্চিমে গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর উপজেলা ও ফুলছড়ি উপজেলা।
১৮৭৪ সালে জামালপুর মহকুমার অধীনে দেওয়ানগঞ্জ থানা গঠিত হয়। জামালপুর জেলা হওয়ার পর ১৯৮৩ সালের ৩রা নভেম্বর দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়ানগঞ্জ উপজেলা জামালপুর-১ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত । এ আসনটি জাতীয় সংসদে ১৩৮ নং আসন হিসেবে চিহ্নিত।
দেওয়ানগঞ্জ উপজেলার আয়তন ২৬৬.৫৯ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ২০১১ সনের আদম শুমারী অনুযায়ী ২,৫৮,১৩৩ জন। পুরষ ও নারীর অনুপাত ১০০ঃ৯৬, জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৯৬৫ জন, শিক্ষার হার ৩২.৫%।
