· মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ · ২৮ আশ্বিন ১৪৩৩ ·
নিউজ →
উপজেলা · গোপালগঞ্জ জেলা

কোটালীপাড়া

Kotalipara

কোটালীপাড়া বাংলাদেশের গোপালগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা যা ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। এটি ঢাকা বিভাগের অধীন গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলার মধ্যে একটি এবং গোপালগঞ্জ জেলার সর্ব উত্তরে অবস্থিত। কোটালীপাড়া উপজেলার উত্তরে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা ও মাদারীপুর সদর উপজেলা, দক্ষিণে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা ও বরিশাল জেলার উজিরপুর উপজেলা, পূর্বে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা, গৌরনদী উপজেলা ও মাদারীপুর জেলার কালকিনি উপজেলা, পশ্চিমে গোপালগঞ্জ সদর উপজেলা ও টুঙ্গিপাড়া উপজেলা অবস্থিত। কোটালীপাড়া উপজেলার উপর দিয়ে ঘাঘর নদী, বিশারকন্দা-বাগদা নদী, চাটখালী নদী ও শৈলদাহ নদী প্রবাহিত হয়েছে।

কোটালীপাড়া উপজেলা মেঘনা খাড়ি পললভূমি দ্বারা গঠিত। উপজেলার বাঘিয়ার বিল এলাকায় প্রাকৃতিক সম্পদ পিট কয়লা রয়েছে।

ব্রিটিশ শাসনামলে ১৮১২ সালে কোটালীপাড়া থানা প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৮৩ সালে কোটালীপাড়া থানাকে উপজেলায় উন্নীত করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে কোটালীপাড়া উপজেলার সংসদীয় আসন গোপালগঞ্জ-৩। কোটালীপাড়া উপজেলা ও টুঙ্গিপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনটি জাতীয় সংসদে ২১৭ নং আসন হিসেবে চিহ্নিত।