বাজিতপুর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার একটি উপজেলা। বায়েজিদ খাঁ বাজিতপুর শহরটি তৈরি করেন। উপজেলাটি খাল-বিল, নদীনালা ও হাওরে ভরপুর। একসময় বাজিতপুরে বিশ্ববিখ্যাত মসলিন তৈরি হতো। মসলিন তৈরির কাঁচামাল এখানে সহজলভ্য ছিল। বৃটিশ আমলেই বাজিতপুরকে শহর হিসেবে প্রতিষ্ঠা করা হয়। ১৮৬৯ সালে বাজিতপুরে বৃহত্তর ময়মনসিংহের প্রথম পৌরসভা প্রতিষ্ঠিত হয়। বৃটিশ আমলেই এখানকার দিলালপুর নদীবন্দর উপমহাদেশে বিখ্যাত ছিল। এটি ঘোড়াউত্রা নদীর তীরে অবস্থিত। বর্তমানে বাজিতপুর একটি দেওয়ানি আদালত রয়েছে, যার অধিভুক্ত উপজেলাগুলো হলো - ভৈরব, কুলিয়ারচর, নিকলী ও অষ্টগ্রাম। ১৯৩৪ সালে আর এফ লজ নামক জনৈক বৃটিশ রাজ কর্মকর্তা উক্ত আদালতের ভিত্তি স্থাপন করেন।
এটি পূর্বে বৃহত্তর ময়মনসিংহ জেলার একটি অংশ ছিল। এটি তাঞ্জাব নামক মসলিনের জন্য বিখ্যাত ছিল। এখানে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ অবস্থিত। এখানে বাজিতপুর বিমানবন্দর নামে একটি বিমানবন্দর রয়েছে, যা বর্তমানে অব্যবহৃত এবং বন্ধ রয়েছে। এছাড়াও এখানে একটি অব্যবহৃত কারাগার রয়েছে। আশির দশকে বাজিতপুর উপজেলাকে জেলায় রূপান্তরিত করার জন্য তৎকালীন সরকার প্রাথমিকভাবে ১৩০ একর জমি অধিগ্রহণ করে। কিন্তু ১৯৮৮ সালের বন্যা এবং তৎপরবর্তী রাজনৈতিক অস্থিরতার দরুন সেই কার্যক্রম স্থগিত হয়ে যায়।
