- সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের প্যাদার ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
- আহত আল আমিন মৃধা (২৭) উপজেলার চরকমিশনার গ্রামের জামাল হোসেন মৃধার ছেলে।
- আল আমিনের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় তিনি নিজের ফার্নিচারের দোকানে ছিলেন।
- মুলাদীর কাজিরচর ইউনিয়নে সোমবার সন্ধ্যায় হামলার ঘটনা
- আহত আল আমিন মৃধাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়
- অবস্থার অবনতিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়
- ঘটনায় মুলাদী থানায় মামলা হয়েছে, তদন্তের কথা জানিয়েছে পুলিশ
বরিশালের মুলাদীতে ছোট ভাইয়ের চালানো ট্রলি দুর্ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বড় ভাইয়ের ফার্নিচারের দোকানে হামলা ও তাঁকে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের প্যাদার ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত আল আমিন মৃধা (২৭) উপজেলার চরকমিশনার গ্রামের জামাল হোসেন মৃধার ছেলে।
আরও পড়ুনশ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমআল আমিনের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় তিনি নিজের ফার্নিচারের দোকানে ছিলেন। এ সময় একই এলাকার আনোয়ার সিকদার, মিজান সিকদার ও মাসুম সিকদারের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা চালান বলে অভিযোগ করা হয়। তাঁরা আল আমিনকে দোকান থেকে টেনেহিঁচড়ে বের করে মারধর করেন এবং দোকানের আসবাব ভাঙচুর করেন।
পরে স্থানীয় লোকজন আহত আল আমিনকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আল আমিনের বাবা জামাল মৃধার অভিযোগ, তাঁর ছোট ছেলে জাহিদ একই গ্রামের আনোয়ার সিকদারের একটি ট্রলি চালাতেন। কিছুদিন আগে ট্রলিটি মুলাদী-বরিশাল সড়কের বয়াতি বাড়িসংলগ্ন একটি খাদে পড়ে যায়। এ ঘটনায় ক্ষতিপূরণ দাবি করাকে কেন্দ্র করে আনোয়ারের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। ওই ঘটনার জের ধরে আনোয়ার সিকদার লোকজন নিয়ে তাঁর বড় ছেলে আল আমিনের ওপর হামলা চালান বলে তিনি অভিযোগ করেন। এতে আল আমিনের হাত ও পা ভেঙে গেছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তিনি বাদী হয়ে মুলাদী থানায় মামলা করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে আনোয়ার সিকদারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলব।’ এরপর তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, হামলা ও যুবককে মারধরের ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র: আজকের পত্রিকা





