- এ লক্ষ্যে ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
- খসড়াটি চলতি সপ্তাহেই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
- খসড়া অনুযায়ী, মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার ব্যক্তি, এমপি এবং স্থানীয় সরকারের প্রতিনিধিরা ব্যাংকের পরিচালক হতে পারবেন না।
- ব্যাংক পর্ষদে মন্ত্রী, এমপি ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিষিদ্ধ করার প্রস্তাব
- পরিচালকের একটানা দায়িত্বের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ৬ বছর
- এক পরিবার থেকে পরিচালক সর্বোচ্চ তিনজনের বদলে দুজন
- স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোর সুপারিশ
বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের থাকা নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। খসড়াটি চলতি সপ্তাহেই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আরও পড়ুনজাতীয় এসএমই পণ্য মেলা শুরু রোববার, অংশ নেবে ৩৫০ প্রতিষ্ঠানখসড়া অনুযায়ী, মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার ব্যক্তি, এমপি এবং স্থানীয় সরকারের প্রতিনিধিরা ব্যাংকের পরিচালক হতে পারবেন না। একই সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রেও রাজনৈতিক পদধারীরা অযোগ্য হবেন। ব্যাংক পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ নিরুৎসাহিত করতেই এমন প্রস্তাব করা হয়েছে।
ব্যাংকের পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ৬ বছর করার প্রস্তাব করা হয়েছে। খসড়ায় বলা হয়েছে, কোনো পরিচালক একটানা ৬ বছর দায়িত্ব পালনের পর পরবর্তী ৩ বছর একই ব্যাংকের পরিচালক হতে পারবেন না। এর আগে ২০১৮ সালের সংশোধনীতে মেয়াদ ৯ বছর এবং ২০২৩ সালে তা ১২ বছর করা হয়েছিল।
একই পরিবারের সদস্যদের আধিপত্য কমাতে পর্ষদে তাঁদের সংখ্যা সীমিত করার প্রস্তাবও রয়েছে। বর্তমানে এক পরিবার থেকে সর্বোচ্চ তিনজন সদস্য একই সময়ে এক ব্যাংকের পরিচালক থাকতে পারেন; নতুন প্রস্তাবে তা কমিয়ে দুজন করার কথা বলা হয়েছে। এ ছাড়া একই পরিবারের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি পরিচালক রাখার সুযোগও দুজনের জায়গায় একজন করার প্রস্তাব করা হয়েছে।
স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোর সুপারিশও রাখা হয়েছে খসড়ায়। বর্তমানে সর্বোচ্চ ২০ সদস্যের পরিচালনা পর্ষদে দুই থেকে তিনজন স্বতন্ত্র পরিচালক থাকার বিধান রয়েছে; প্রস্তাবে তা বাড়িয়ে তিন থেকে চারজন করার কথা বলা হয়েছে। পর্ষদের সদস্যসংখ্যা ২০ জনের কম হলে বর্তমানে দুজন স্বতন্ত্র পরিচালক থাকা বাধ্যতামূলক, যা বাড়িয়ে তিনজন করার প্রস্তাব করা হয়েছে।
কৌশলগত বিনিয়োগকারী আকৃষ্ট করতে শেয়ার ধারণের সীমা শিথিল করার প্রস্তাবও রয়েছে। বর্তমানে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা একই পরিবারের সদস্যরা সরাসরি বা পরোক্ষভাবে একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার কিনতে পারেন না। নতুন প্রস্তাবে কৌশলগত বিনিয়োগকারীর ক্ষেত্রে এই সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার কথা বলা হয়েছে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘পরিচালনা পর্ষদ থেকে রাজনৈতিক ব্যক্তিদের দূরে থাকাই ভালো বলে মনে করি।’ পরিচালকের মেয়াদ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ৯ বছরের কথা বলেছিলাম। ৬ বছরের সিদ্ধান্ত এসেছে। মেনে নিয়েছি।’
খসড়ায় পরিচালক থাকা অবস্থায় নেওয়া ঋণ পরিশোধের ক্ষেত্রেও কঠোর বিধান আনার প্রস্তাব করা হয়েছে। নতুন প্রস্তাবে বলা হয়েছে, পরিচালকের পদ শূন্য হওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে নেওয়া অগ্রিম বা ঋণের সম্পূর্ণ বকেয়া পরিশোধ করতে হবে।
তথ্যসূত্র: ইত্তেফাক, চ্যানেল ২৪, প্রথম আলো





