- গত ২৩ অক্টোবর রাজধানী আম্মানের প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে হমুদ এলাকার সেন্ট জর্জেস অর্থোডক্স চার্চে শেষকৃত্য অনুষ্ঠানে এ হামলা চালানো হয়।
- রোববার (১৫ নভেম্বর) চার দফা শুনানি শেষে আদালত তিন আসামিকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য অস্ত্র রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র ও উগ্রবাদী মতাদর্শ প্রচারের অভিযোগে দোষী সাব্যস্ত করেন।
- মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল এ তথ্য জানিয়েছে।
- জর্ডানের স্টেট সিকিউরিটি কোর্ট তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে
- হামলায় ৯ জন নিহত ও ৩৪ জন আহত হন
- আসামিরা হামলার দায় স্বীকার করেছেন
- অস্ত্র বিক্রির দায়ে আরও দুজনকে ছয় বছরের কারাদণ্ড
জর্ডানে গির্জায় হামলা চালিয়ে ৯ জনকে হত্যার দায়ে তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির স্টেট সিকিউরিটি কোর্ট। গত ২৩ অক্টোবর রাজধানী আম্মানের প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে হমুদ এলাকার সেন্ট জর্জেস অর্থোডক্স চার্চে শেষকৃত্য অনুষ্ঠানে এ হামলা চালানো হয়। এতে আরও ৩৪ জন আহত হন।
আরও পড়ুনবাহরাইনে ইরানের ড্রোন হামলার দাবি, ভূপাতিতের পাল্টা দাবিরোববার (১৫ নভেম্বর) চার দফা শুনানি শেষে আদালত তিন আসামিকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য অস্ত্র রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র ও উগ্রবাদী মতাদর্শ প্রচারের অভিযোগে দোষী সাব্যস্ত করেন। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল এ তথ্য জানিয়েছে।
গির্জায় সংঘটিত হামলায় নিহত ৯ জনই ছিলেন পুরুষ। তাঁদের অধিকাংশই জর্ডানের খ্রিষ্টান সম্প্রদায়ের প্রভাবশালী হালাসা গোত্রের সদস্য। দেশটির ১ কোটি ১০ লাখ জনসংখ্যার মধ্যে খ্রিষ্টান রয়েছেন প্রায় আড়াই লাখ।
নিহত ব্যক্তিদের পরিবারের আইনজীবী আমের হালাসা জানান, তিন আসামিই আদালতে হামলার দায় স্বীকার করেছেন। রায় ঘোষণার সময় নিহত ব্যক্তিদের কয়েকজন স্বজনও আদালতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, তাঁরা ন্যায়বিচার চেয়েছিলেন এবং আদালত নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করেছেন।
২০০৬ সালের সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী এ যাবৎ দেওয়া কঠোরতম সাজাগুলোর মধ্যে এটি অন্যতম বলে মন্তব্য করেন আমের হালাসা। দণ্ডিত ব্যক্তিরা ৩০ দিনের মধ্যে জর্ডানের কোর্ট অব ক্যাসেশনে (সর্বোচ্চ আপিল আদালত) আপিল করতে পারবেন।
এ ঘটনায় হামলাকারীদের অস্ত্র বিক্রির দায়ে আরও দুজনকে ছয় বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তিন হামলাকারীর একজনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের উদ্দেশ্যে অর্থ সরবরাহের অভিযোগও প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রা।
হামলার কারণ বা তদন্তের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ। হামলাকারী দুজনের নাম হাজ্জা ও মিশাল মোহাম্মদ; তাঁরা ভাই। তৃতীয় ব্যক্তি আহমেদ হুসেইন তাঁদের ভগ্নিপতি। তিনজনই থুনাইবাত গোত্রের সদস্য। হামলার দুদিন পর ২৫ অক্টোবর হমুদের কাছের একটি গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৯৫০-এর দশকের পর জর্ডানের খ্রিষ্টান সংখ্যালঘুদের ওপর এটিই সবচেয়ে বড় হামলা বলে বিবেচনা করা হচ্ছে। এ ঘটনার পর গত ২৭ অক্টোবর সিরিয়ায় বিমান হামলা চালিয়ে অন্তত ২০ জন আইএস সদস্যকে হত্যার দাবি করে জর্ডানের সামরিক বাহিনী। তবে সিরিয়ার কর্তৃপক্ষ জানায়, ওই হামলায় তিন শিশুসহ সাতজন বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং হামলার বিষয়ে জর্ডানের সঙ্গে সমন্বয়ের কথা অস্বীকার করে দামেস্ক।
তথ্যসূত্র: আজকের পত্রিকা, চ্যানেল ২৪





