- বুধবার সন্ধ্যায় জেলা শহরের থানাপাড়া এলাকায় এ হামলা চালানো হয় বলে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
- হামলার সময় হাসপাতালে কয়েক ডজন রোগী ছিলেন।
- হাসপাতালে হামলার সময় রোগীরা আতঙ্কিত হয়ে দ্রুত হাসপাতাল ত্যাগ করেন।
- গোপালগঞ্জে বিএনপি এমপি ডা. কে এম বাবরের হাসপাতালে ভাঙচুর ও অগ্নিসংযোগ
- নড়াইলের কালিয়ায় হামলায় দুই বিএনপি নেতা নিহত
- পুলিশ বলছে হামলাকারীরা নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত
- গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংক শাখায়ও ভাঙচুর
গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় জেলা শহরের থানাপাড়া এলাকায় এ হামলা চালানো হয় বলে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হামলার সময় হাসপাতালে কয়েক ডজন রোগী ছিলেন।
আরও পড়ুনপাবনায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষের পর বেড়া থানার ওসি প্রত্যাহারহাসপাতালে হামলার সময় রোগীরা আতঙ্কিত হয়ে দ্রুত হাসপাতাল ত্যাগ করেন। নবজাতক কোলে এক নারীকে হাসপাতাল থেকে দৌড়ে বেরিয়ে যেতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। হাসপাতালের ভেতরে আটকে পড়া রোগীদের স্বজনদের কাউকে কাউকে বাইরে আহাজারি করতে দেখা যায়।
হামলাকারীরা হাসপাতালের আসবাবপত্র ভাঙচুর করার পর তাতে আগুন ধরিয়ে দেয়। পরে আশপাশের মানুষ পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়নি।
এদিকে গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়েও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। পরে দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়। এ ছাড়া হামলাকারীরা গ্রামীণ ব্যাংকের একটি শাখায়ও ভাঙচুর চালান বলে ইত্তেফাক জানিয়েছে।
অন্যদিকে নড়াইলের কালিয়া উপজেলায় আওয়ামী লীগ সমর্থকদের হামলায় দুই বিএনপি নেতা নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। নিহতদের মধ্যে একজনের নাম শাহিন এবং অপরজনের নাম সোহেল। শাহিন উপজেলা কৃষক দলের এবং সোহেল উপজেলা জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) নেতা বলে জানা যাচ্ছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন যে বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে হামলায় ওই দুই বিএনপি নেতা নিহত হন। কালিয়া থানার পরিদর্শক প্রদীপ মালাকার জানান, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
মিছিল শেষে ফেরার পথে সন্ধ্যায় ওই দুই বিএনপি নেতার ওপর হামলা চালানো হয়। তারা দুজন একই মোটরসাইকেলে ছিলেন এবং মিছিলের বাকি লোকজন আগেই চলে গিয়েছিলেন। সন্ধ্যায় তাদেরকে আলাদা পেয়ে হামলা চালানো হয় বলে জানান প্রদীপ মালাকার। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বলছে, হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
তথ্যসূত্র: বিবিসি বাংলা, ইত্তেফাক





