· মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ · ২৮ আশ্বিন ১৪৩৩ ·
নিউজ →
উপজেলা · টাঙ্গাইল জেলা

মধুপুর

Madhupur

মধুপুর উপজেলা বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত একটি উপজেলা যা ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এটি ঢাকা বিভাগের অধীন টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার মধ্যে একটি এবং টাঙ্গাইল জেলার সর্ব উত্তরে অবস্থিত। মধুপুর উপজেলার উত্তরে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা ও জামালপুর জেলার জামালপুর সদর উপজেলা, দক্ষিণে গোপালপুর উপজেলা ও ঘাটাইল উপজেলা, পূর্বে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলা, পশ্চিমে গোপালপুর উপজেলা ও ধনবাড়ী উপজেলা। মধুপুরের উপর দিয়ে বংশী নদী প্রবাহিত হয়েছে।

মধুপুর কর্দম নামক অতিমাত্রায় বিচূর্ণিত ও জারিত লালচে বাদামি অবক্ষেপ দ্বারা গঠিত মধুপুর অঞ্চলটি ০.৯৭ থেকে ০.৯০ মিলিয়ন বছর পূর্বে গঠিত হয়েছে। বাংলাদেশের তিনটি প্রধান ভূমিকম্পন বলয়ের মধ্যে মধুপুরে একটি বলয় রয়েছে যা মধুপুর ফল্ট নামে পরিচিত। এটি একটি কৃষিপ্রধান অঞ্চল। মধুপুর উপজেলা আনারসের জন্য বাংলাদেশে বিখ্যাত। বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি আনারসের বাজার বসে মধুপুরে। এছাড়া, বাংলাদেশে পরীক্ষামূলকভাবে প্রথম রাবার চাষের সূচনা হয় মধুপুর ও চট্টগ্রাম থেকে।

৪,২৪৪ বর্গ কিমি এলাকাজুড়ে অবস্থিত মধুপুর গড় বা শালবন এবং জীববৈচিত্র্যপূর্ণ সরক্ষিত মধুপুর জাতীয় উদ্যান এ উপজেলায় অবস্থিত। মধুপুর জঙ্গলে প্রায় ১৭৬ প্রজাতির বিভিন্ন উদ্ভিদ ও ১৯০ প্রজাতির প্রাণি রয়েছে। এখানে একটি হরিণ প্রজনন কেন্দ্র রয়েছে। গড় এলাকার আশেপাশে গারো সম্প্রদায় বসবাস করে। ২০১১ সালের হিসেব অনুযায়ী মধুপুর শহরের গড় সাক্ষরতার হার শতকরা ৫৬.৭ ভাগ (পুরুষ: ৫৮.৭%, মহিলা: ৫৪.৫%)।

ব্রিটিশ শাসনামলে ১৮৯৮ সালে মধুপুরে থানা প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৮৩ সালে মধুপুর থানাকে উপজেলায় উন্নীত করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে মধুপুরের সংসদীয় আসন টাঙ্গাইল-১। মধুপুর ও ধনবাড়ী উপজেলা নিয়ে গঠিত এ আসনটি জাতীয় সংসদে ১৩০ নং আসন হিসেবে চিহ্নিত।