· মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ · ২৮ আশ্বিন ১৪৩৩ ·
নিউজ →
উপজেলা · টাঙ্গাইল জেলা

ঘাটাইল

Ghatail

ঘাটাইল উপজেলা বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত একটি উপজেলা যা ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এটি ঢাকা বিভাগের অধীন টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার মধ্যে সবচেয়ে বড় এবং টাঙ্গাইল জেলার উত্তরে অবস্থিত। ঘাটাইল উপজেলার উত্তরে গোপালপুর উপজেলা ও মধুপুর উপজেলা, দক্ষিণে কালিহাতি উপজেলা ও সখিপুর উপজেলা, পূর্বে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলা ও ভালুকা উপজেলা, পশ্চিমে ভুঞাপুর উপজেলা ও গোপালপুর উপজেলা। ঘাটাইলের উপর দিয়ে বংশী, ঝিনাই ও লৌহজং নদী নামে তিনটি নদী প্রবাহিত হয়েছে।

এ উপজেলার অবস্থান টাঙ্গাইল জেলা সদর থেকে ৩০ কিলোমিটার উত্তরে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে বিস্তৃত। উপজেলার অবস্থান ২৪°২৩´ থেকে ২৪°৩৪´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°৫৩´ থেকে ৯০°১৫´ পূর্ব দ্রাঘিমাংশ এবং আয়তন: ৪৫১.৭১ বর্গকিলোমিটার। মধুপুর কর্দম নামক অতিমাত্রায় বিচূর্ণিত ও জারিত লালচে বাদামি অবক্ষেপ দ্বারা গঠিত ঘাটাইল অঞ্চলটি ০.৯৭ থেকে ০.৯০ মিলিয়ন বছর পূর্বে গঠিত হয়েছে। এটি একটি কৃষিপ্রধান এলাকা। বর্তমানে এখানে গার্মেন্টস কারখানাসহ বেশ কয়েকটি কারখানা গড়ে উঠেছে। ২০১১ সালের হিসেব অনুযায়ী ঘাটাইল উপজেলার গড় সাক্ষরতার হার শতকরা ৪৪ ভাগ (পুরুষ ৪৭.৬%, মহিলা-৪০.৬%)। টাঙ্গাইল জেলার দুটি সেনানিবাসের মধ্যে শহীদ সালাহউদ্দিন সেনানিবাস এ উপজেলায় অবস্থিত।

ব্রিটিশ শাসনামলে ১৮৭২ সালে ঘাটাইলে গোপালপুর থানার অধীন একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৮৪ সালে ঘাটাইল থানাকে উপজেলায় উন্নীত করা হয়। ১৯৯৮ সালের ১২ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় ঘাটাইল শহরের ১১.০২ বর্গ কিলোমিটার এলাকাকে পৌরসভা হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে ঘাটাইলের সংসদীয় আসন টাঙ্গাইল-৩। এ আসনটি জাতীয় সংসদে ১৩২ নং আসন হিসেবে চিহ্নিত।