ঝিকরগাছা বাংলাদেশের যশোর জেলার অন্তর্গত ভারতের সীমান্তবর্তী একটি উপজেলা।
মহান মুক্তিযুদ্ধের সময় এই উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের গোয়ালহাটি গ্রামে এক ভীষণ যুদ্ধ হয়, যা বাংলাদেশের ইতিহাসে গোয়ালহাটি যুদ্ধ নামে পরিচিত। ক্যাপ্টেন নাজমুল হুদার অধীনে এই যুদ্ধে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ প্রাণপণ যুদ্ধ করে হানাদার বাহিনীকে পর্যুদস্ত করেন। বাংলাদেশের ফুলের রাজধানী বলে খ্যাত গদখালি এই উপজেলার একটি দর্শনীয় স্থান। ঝিকরগাছা উপজেলা শহরটি কপোতাক্ষ নদের তীরে গড়ে উঠেছে।
