- এসব তৎপরতা ঠিকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
- একই সঙ্গে রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলায় মাঠে সক্রিয় থাকবে ক্ষমতাসীন বিএনপি।
- দলটি আগামী ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে।
- ২৪ ঘণ্টায় ২২টি যানবাহনে আগুন, ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণ
- আইজিপি ৬৪ জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন
- নির্বিচার গ্রেপ্তার নয়, প্রকৃত অপরাধীদের ধরার নির্দেশ
- ডিসেম্বরজুড়ে কর্মসূচি পালনের প্রস্তুতি বিএনপির
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে সরকার। এসব তৎপরতা ঠিকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলায় মাঠে সক্রিয় থাকবে ক্ষমতাসীন বিএনপি। দলটি আগামী ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে।
আরও পড়ুনসিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমির শফিকুর রহমানের সাক্ষাৎপুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হিসাবে, গত সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। ঢাকা এবং আরও ছয় জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে। এর মধ্যে ঢাকার ১৯টি স্থানে বিস্ফোরণের খবর পেয়েছে ডিএমপি।
নাশকতার ঘটনা নিয়ে মঙ্গলবার অনলাইনে ৬৪ জেলার পুলিশ সুপার, মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জ উপমহাপরিদর্শকদের সঙ্গে বৈঠক করেন মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার, টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়াতে নির্দেশ দেন। বিশেষ সতর্কতার অংশ হিসেবে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে।
তবে নির্বিচার গ্রেপ্তার না করার নির্দেশও দিয়েছেন আইজিপি। একাধিক জেলার পুলিশ সুপার প্রথম আলোকে জানান, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার বা ‘কোয়ালিটি অ্যারেস্ট’-এর ওপর জোর দিয়েছেন তিনি। নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে বলেছেন।
পুলিশ সূত্র বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিদেশে অবস্থানরত কয়েকজন নেতা দেশে নাশকতার উসকানি ও অর্থ জোগাচ্ছেন। সম্প্রতি ঢাকার মিরপুরসহ একাধিক ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে কোন নেতার নির্দেশে এবং কত টাকার বিনিময়ে ককটেল বিস্ফোরণ বা অগ্নিসংযোগে যুক্ত হয়েছেন, সে বিষয়ে তথ্য দিয়েছেন। গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় হাতেনাতে গ্রেপ্তার তিনজন সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নন; তাঁরা টাকার বিনিময়ে কাজটি করেছেন বলে পুলিশ জানিয়েছে।
এদিকে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অনেক নেতা-কর্মী ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ছবি-ভিডিও ফেসবুকে শেয়ার করছেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, এসব পোস্টে ঘটনার প্রতি সমর্থন প্রকাশের পাশাপাশি নিজেদের সংশ্লিষ্টতার ইঙ্গিতও দেওয়া হচ্ছে। একে নাশকতার দায় কার্যত স্বীকার করার শামিল বলে মনে করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
গোপালগঞ্জে মঙ্গলবার ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় পুলিশের গাড়িতে আগুন ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। শরীয়তপুরের জাজিরায় সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এসবের পর চার জেলায় টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুন মুনিরা প্রথম আলোকে বলেন, ঘটনাগুলোর পেছনে পরিকল্পিত তৎপরতা রয়েছে। নাশকতা ঠেকাতে চেকপোস্ট, সিসিটিভি ও সাইবার মনিটরিং এবং গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয় বাড়ানো হচ্ছে। শুধু ঘটনার পর ব্যবস্থা নেওয়া নয়, আগেই তথ্য সংগ্রহ ও ঝুঁকি নিরূপণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। গত ১০ জুলাই রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা বলেন। এরপর সোমবার রয়টার্সের আরেক খবরে বলা হয়, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন।
তবে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছেন না। তাঁদের ধারণা, দেশে ফেরার ঘোষণা সামনে রেখে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সক্রিয় এবং জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা হচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, শেখ হাসিনাসহ ভারতে আশ্রয় নেওয়া সাজাপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত চাওয়া হয়েছে। ভারত ব্যবস্থা নেবে বলে সরকার আশা করছে।
তথ্যসূত্র: প্রথম আলো, জাগো নিউজ






