· মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ · ২৮ আশ্বিন ১৪৩৩ ·
নিউজ →
উপজেলা · নওগাঁ জেলা

বদলগাছী

Badalgachi

বদলগাছী উপজেলা বাংলাদেশের নওগাঁ জেলার অন্তর্গত একটি উপজেলা যা ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত। এটি রাজশাহী বিভাগের অধীন নওগাঁ জেলার ১১টি উপজেলার মধ্যে সবচেয়ে ছোট এবং নওগাঁ জেলা সদরের উত্তরে অবস্থিত। বদলগাছী উপজেলার উত্তরে ধামইরহাট উপজেলা ও জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর উপজেলা, দক্ষিণে নওগাঁ সদর উপজেলা, পূর্বে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা, পশ্চিমে মহাদেবপুর উপজেলা ও পত্নীতলা উপজেলা। বদলগাছীর উপর দিয়ে ছোট যমুনা নামে একটি নদী প্রবাহিত হয়েছে।

এ উপজেলার অবস্থান নওগাঁ জেলা সদর থেকে ১৫ কিলোমিটার উত্তরে। উপজেলার অবস্থান ২৪.৫৮° উত্তর ৮৮.৫৪° পূর্ব / 24.58; 88.54 এবং আয়তন ২১৩.৯৮ বর্গ কিলোমিটার। এটি একটি কৃষিপ্রধান এলাকা। কুটির শিল্প এবং মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন করে অনেকে জীবিকা নির্বাহ করে থাকে। ব্রিটিশ শাসনামলে এ অঞ্চল অর্থনৈতিক এলাকা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে এখানে ইংরেজরা গাঁজা চাষ করতো। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, উপজেলার মোট জনসংখ্যা ২,০১,৩৪২ জন। এর মধ্যে পুরুষ ৪৯.৯৪% এবং মহিলা ৫০.৫০%। উপজেলার গড় সাক্ষরতার হার শতকরা ৪৯ ভাগ।

বাংলাদেশসহ নওগাঁ জেলার আন্তর্জাতিক পরিচিতি বহনকারী সোমপুর বা পাহাড়পুর বিহার এ উপজেলায় অবস্থিত। ১৯৮৫ সালে ইউনেস্কো বিহারটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়। পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকের প্রথমদিকে এই বিহার তৈরি করেন। ১৮৭৯ সালে স্যার আলেকজান্ডার কানিংহাম এই স্থাপনা আবিষ্কার করেন। খননকালে ৬৩টি প্রস্তরমূর্তি ও বৌদ্ধ ভিক্ষুদের ১৭৭টি কক্ষ পাওয়া যায়।

ব্রিটিশ শাসনামলে ১৭৯৩ সালে অবিভক্ত দিনাজপুর জেলার থানা হিসেবে বদলগাছী প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৮৩ সালে বদলগাছী থানাকে উপজেলায় উন্নীত করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে বদলগাছীর সংসদীয় আসন নওগাঁ-৩। বদলগাছী ও মহাদেবপুর উপজেলা নিয়ে গঠিত এ আসনটি জাতীয় সংসদে ৪৮নং আসন হিসেবে চিহ্নিত।